বিজয়নগরে পুলিশের পৃথক অভিযান,মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া(জেলা প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মোট ১১ বোতল স্কফ সিরাপ, ৭ বোতল বিদেশি মদ এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক এ অভিযান দুটি পরিচালিত হয়।
প্রথম অভিযান: সিঙ্গারবিলে ৫ বোতল স্কফ সিরাপসহ গ্রেপ্তার ১ _
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় আটপাইড়া পুকুরের উত্তর পাড় এলাকার বাসিন্দা মো. জালাল মিয়ার (৪৮) বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫ বোতল স্কফ সিরাপ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
দ্বিতীয় অভিযান: বিষ্ণুপুরে মদ, গাঁজা ও স্কফসহ গ্রেপ্তার ১
এর ঠিক কিছুক্ষণ পর, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ৮ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। বিজয়নগর থানার এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান চালায়।
অভিযানে ইকরতলী (ভূঁইয়া বাড়ি) এলাকার বাসিন্দা খোকন ভূঁইয়ার (৫১) বসতঘরের পেছনের একটি লিচু বাগান এবং তার বাড়ির উঠান থেকে ৬ বোতল স্কফ সিরাপ, ৭ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই খোকন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মৃত হান্নান ভূঁইয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply