“এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি”—এই চমৎকার ও সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬। গত ১লা অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল থেকে উপজেলার বাঁশচড়া এস.বি.জি মডার্ণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল ও মহাপরিকল্পিত এক আয়োজনের মধ্য দিয়ে এই ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সূচনা ঘটে। বাংলাদেশ স্কাউটস, জামালপুর সদর উপজেলার ব্যবস্থাপনায় আয়োজিত এই মিলনমেলা আগামী ৫ই অক্টোবর (সোমবার) পর্যন্ত চলবে।
প্রায় এক যুগ (১২ বছর) পর জামালপুর সদর উপজেলায় এত বৃহৎ পরিসরে কাব ক্যাম্পুরীর আয়োজনকে ঘিরে স্থানীয় সর্বস্তরের মানুষ, শিক্ষক-অভিভাবক এবং কোমলমতি শিশুদের মাঝে এক অভূতপূর্ব জাগরণ ও উৎসবের আমেজ বিরাজ করছে। এবারের ক্যাম্পুরীতে উপজেলার বিভিন্ন প্রান্তের ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০৫ জন উৎসাহী খুদে স্কাউট ও শিক্ষার্থী অংশগ্রহণ করছে। যার মধ্যে রয়েছে ২১৫ জন ছাত্র ও ৯০ জন ছাত্রী। এছাড়াও মাঠপর্যায়ে সার্বিক সহায়তায় রয়েছেন ৫১ জন স্কাউট লিডার এবং ৫০ জন স্বেচ্ছাসেবক।
১লা অক্টোবর বিকেল ৫টা থেকে শুরু হওয়া বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার সভাপতি জনাব নাজনীন আক্তার। তাঁরই সুনিপুণ পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনায় পুরো আয়োজনটি সফলভাবে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: সানোয়ার হোসেন।
এছাড়াও বিশেষ আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি, সিংহজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি মাস্টার এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। আরও উপস্থিত ছিলেন অত্র বাঁশচড়া এস.বি.জি মডার্ণ উচ্চ বিদ্যালয়ের দক্ষ প্রধান শিক্ষক ও স্কাউটসের দায়িত্বপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম মাস্টার সহ স্থানীয় বাঁশচড়া ও পার্শ্ববর্তী শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য নেতৃবৃন্দ।
উপজেলা পর্যায়ের এই বিশাল আয়োজন সফল করতে মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করেন সদর উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ শামীম হোসেন, সম্পাদক আব্দুল্লাহ স্যার এবং স্কাউটসের সম্মানিত সহ-সম্পাদকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন তাঁর বক্তব্যে স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের সুন্দর জীবন গড়ার এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সামাজিক মূল্যবোধের বর্তমান অবক্ষয়ের চিত্র তুলে ধরে তিনি আক্ষেপের সাথে বলেন, “বর্তমানে সমাজে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে, এখন ১টা মানুষ বিপদে পড়লে আশ-পাশের ১০ টা মানুষ সরে যায়। মানুষের চোখের সামনে প্রকাশ্য অপকর্ম ও অন্যায় ঘটে যাচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। এই চরম নৈতিক বিপর্যয় ও স্থবিরতা থেকে আমাদের সমাজকে ঘুরে দাঁড়াতে হবে। আর এই ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নতুন প্রজন্মের মাঝে নৈতিক ও আদর্শিক চর্চা ব্যাপকভাবে বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “শিশুদের মাঝে ছোটবেলা থেকেই সততা, সাহসিকতা, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের বীজ বপন করতে পারলে আগামীর বাংলাদেশ আরও বেশি সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে। শিশুদের মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে এবং সুশৃঙ্খল, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি নাজনীন আক্তার জানান, কাবিং-এর এই সুমহান শিক্ষাকে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই দীর্ঘদিন পর এই জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী দিনে কাব স্কাউটদের চমৎকার শৃঙ্খলা প্রদর্শন, মার্চ পাস্ট (কুচকাওয়াজ) এবং মনোজ্ঞ প্রীতি সংগীতের সুর লহরী পুরো পরিবেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। স্কাউটদের এই ঐতিহাসিক মিলনমেলা সরাসরি উপভোগ করতে স্থানীয় সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে খুদে স্কাউটদের জন্য বিভিন্ন আকর্ষণীয় শিখনমূলক ইভেন্ট, তাঁবু বাস, বুদ্ধিদীপ্ত খেলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জীবন দক্ষতা, শৃঙ্খলা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা অর্জন করতে পারবে, যা তাদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করবে।


Leave a Reply