১৯ সেপ্টেম্বর ২০২৬।। শনিবার কুমিল্লার বাঙ্গরা উপজেলায় সিআইডিপি প্রকল্পের আওতায় নৈরপাড়-এলখাল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ৫ নম্বর পূর্বধইর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় কুমিল্লা-৩ গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অধীনে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে চেইনেজ ১১৮৬ থেকে ৩১৮৬ মিটার পর্যন্ত সড়কটির উন্নয়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম, উপজেলা বিএনপি নেতা শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভূঁইয়া কামাল ও নাছির সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ, পূর্বধইর ইউনিয়নের প্রকৌশলী গৌরাঙ্গ দেবনাথ, নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ বদিউল আলম এবং ৫ নম্বর পূর্বধইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রহিম পারভেজ।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষক, ব্যাংক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নৈরপাড়-এলখাল সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন তারা। সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন হলে বাঙ্গরা উপজেলা সদরসহ মালীপাড়া, পূর্বধইর, নৈরপাড় ও মহেশপুর এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে তারা আশা করছেন।
তাদের মতে, উন্নত সড়ক যোগাযোগের ফলে কৃষিপণ্য ও অন্যান্য পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতেও সময় ও দুর্ভোগ কমবে।
স্থানীয়রা দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


Leave a Reply