হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দরিদ্র খামারির দুটি উন্নত জাতের আট মাসের গর্ভবতী গাভী মারা গেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই খামারি ও তাঁর পরিবার।
ক্ষতিগ্রস্ত খামারির নাম মো. শাহাদ আলী। তিনি তেঘরিয়া গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে। অত্যন্ত গরিব ও অসহায় শাহাদ আলী এই দুটি গাভী লালন-পালন করে তাঁর জীবিকা নির্বাহ করতেন এবং এগুলোই ছিল তাঁর পরিবারের একমাত্র সম্বল। মৃত গাভী দুটির আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খামারে থাকা গাভী দুটি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুহূর্তের মধ্যেই গবাদিপশু দুটি ছটফট করতে করতে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইকবাল হোসেন ছুরুক মিয়া বলেন, “বিদ্যুতের তারের লিকেজ থেকে টিনের ঘর আর্থিং হয়ে গাভী দুটি মারা গেছে। এই দুটি গাভী হারিয়ে খামারি শাহাদ আলী এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। আমরা তাঁর এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে মর্মাহত।”
এ বিষয়ে খামারির পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আকস্মিক এই দুর্ঘটনায় একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি পরিবারটি। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল এই দরিদ্র খামারির পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


Leave a Reply