জামালপুরের ইসলামপুর উপজেলার অন্যতম মনোরম স্থান কুলকান্দি হার্ড পয়েন্ট। যমুনা নদীর তীরঘেঁষা এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানটি পরিকল্পিতভাবে পর্যটন শিল্পের আওতায় আনা হলে এটি হতে পারে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
ইসলামপুর উপজেলার ১ নম্বর কুলকান্দি ইউনিয়নে অবস্থিত কুলকান্দি হার্ড পয়েন্টে প্রতিদিনই প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের আনাগোনা দেখা যায়। যমুনা নদীর বিস্তীর্ণ জলরাশি, নদীর তীরের মনোরম পরিবেশ এবং খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
স্থানীয় বাসিন্দা মো. সালমান শাহ ফকির বলেন, “ইসলামপুর উপজেলার সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে কুলকান্দি হার্ড পয়েন্ট অন্যতম। জায়গাটিকে পর্যটন শিল্পের আওতায় এনে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে এই অঞ্চলের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “পর্যটনকেন্দ্র হিসেবে উন্নয়ন করা হলে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বিনোদনের জন্য আসবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, এলাকার অবকাঠামোগত উন্নয়ন হবে এবং বৃহত্তর জামালপুর জেলার মধ্যে কুলকান্দি হার্ড পয়েন্ট একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করতে পারে।”
স্থানীয়দের প্রত্যাশা, কুলকান্দি হার্ড পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা, বসার স্থান ও বিনোদন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে একদিকে যেমন দর্শনার্থীদের জন্য নতুন বিনোদনকেন্দ্র তৈরি হবে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।


Leave a Reply