হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের সরকারি আশ্রয় কেন্দ্রে চরম মানবেতর দিন কাটাচ্ছেন প্রায় ৭০ বছর বয়সী ভূমিহীন বৃদ্ধা রেজিয়া খাতুন। জীবনের শেষ প্রান্তে এসে এক বেলা ডাল-ভাত জোগানোই এখন তার জন্য কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে।
স্থায়ী ঠিকানা তেঘরিয়া গ্রামে হলেও স্বামী আবু কালামের মৃত্যুর পর পুরোপুরি অসহায় হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে ঠাঁই নেন মশাদিয়ার সরকারি আশ্রয় কেন্দ্রের একটি ঘরে। একা এই বয়সে তার দেখভালের কেউ নেই।
বয়সের ভারে জীর্ণ হলেও এখন পর্যন্ত তার ভাগ্যে মেলেনি বয়স্ক বা বিধবা ভাতা, পাননি কোনো সরকারি খাদ্য সাহায্যও। অসুস্থ শরীর নিয়ে অনাহার-অর্ধাহারে দিন পার করছেন তিনি; চিকিৎসা তো দূরের কথা, দৈনন্দিন খাবার জোগানোই দুঃস্বপ্ন হয়ে উঠেছে।
এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল এই বৃদ্ধার করুণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার দাবি জানিয়েছেন। জীবন সায়াহ্নে দাঁড়িয়ে থাকা রেজিয়া খাতুনও মানবিক সহায়তার জন্য লাখাই উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।


Leave a Reply