ঢাকার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও দুজন,যাঁরা বর্তমানে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কা নগরীর দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা,তাঁর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মেয়ে সাদাফ এবং ছোট ছেলে জারগিস ইসলাম। তাঁদের বাড়ি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন নর্থ শ্যামলীর ২ নম্বর রোড এলাকায়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,পরিবারটি ব্যক্তিগত গাড়িতে করে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রিনার স্বামী শাফিকুল ইসলাম এবং তাঁদের বড় ছেলে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
একই পরিবারের তিনজনের এমন আকস্মিক মৃত্যুতে নর্থ শ্যামলী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


Leave a Reply