ঝালকাঠির রাজাপুরের পূর্ব সাতুরিয়া খলিফা বাড়ি এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন পুকুরের মালিক নাজনীন বেগম। তিনি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন।
নাজনীন বেগম রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হাওলাদারের স্ত্রী। তাঁর দাবি, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। মাছের আনুমানিক মূল্য এক লক্ষ টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। দেখা যায় মাছ মরে পচে ভেসে ওঠছে এবং পচা গন্ধ ছড়িয়ে পড়েছে।
অভিযোগে নাজনীন বেগম বলেন, তাঁর স্বামী গত ২৬ নভেম্বর ২০২৫ মারা যাওয়ার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে নিরাপত্তার অভাবে পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলায় অবস্থান করছেন তিনি। পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় কারা জড়িত, তা তিনি নিশ্চিতভাবে জানেন না। তবে তাঁর বিরোধী ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর আরও ক্ষতি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন।
এ ঘটনায় তদন্ত করে পুকুরে বিষ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্ষতির উপযুক্ত প্রতিকার বা ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাজনীন বেগম।
রাজাপুর থানার এসআই আবুল কাসেম জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে ঘটনার সত্যতা ও জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply