পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা প্যাকেটজাত ইউএইচটি তরল দুধে জ্যান্ত পোকা পাওয়ার ঘটনায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইন্দ্রজিত সাহা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে উপজেলার দেবীডুবা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন ইউএনও। এ সময় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা দুধের মান ও বিতরণসংক্রান্ত বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এর আগে সোমবার (৩১ আগস্ট) ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী স্কুল থেকে পাওয়া দুধের প্যাকেট বাড়িতে খুললে তাতে জ্যান্ত পোকা দেখতে পায়। পরে পোকা পাওয়ার দৃশ্য ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ঘটনার পর কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে ইউএনও ইন্দ্রজিত সাহা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন এবং শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করা দুধের বিষয়ে খোঁজ নিচ্ছেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে দুধ সরবরাহ ও বিতরণ ব্যবস্থার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যপণ্যের মান ও নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের অভিভাবকদের দাবি, স্কুল ফিডিং কর্মসূচির খাবার নিয়ে যেন কোনো ধরনের অবহেলা বা অনিয়ম না হয়। কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরবরাহ করা দুধের মান যথাযথভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


Leave a Reply