গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-টু-ঘেনাপাড়া সিএনজি মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাইফুল-হান্নান পরিষদ বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় সমিতির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক জিকরুল হোসেন, সদস্য সচিব রাজীব শেখ, সদস্য ইউসুফ শেখ, ওহিদুজ্জামান, জামাল তালুকদারসহ সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মামুন বিশ্বাস। এ সময় তিনি সিএনজি চালকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়ে বলেন, “অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। বিআরটিএ নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে।”
নবনির্বাচিত সভাপতি মো. সাইফুল বলেন, “সকলকে সঙ্গে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সমিতির সব সমস্যা সমাধানে কাজ করব, ইনশাআল্লাহ।”
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার পাশাপাশি টুঙ্গিপাড়া-ঘেনাপাড়া সড়কে সিএনজি মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, সিএনজি মালিক ও চালকদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।


Leave a Reply