জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ রুম থেকে রিমা নামের এক অনার্স পড়ুয়া নারী শিক্ষার্থীর পচনধরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাচারিপাড়া এলাকার মোবারক আলীর মালিকানাধীন ‘বকুল ভিলা’র একটি রুম থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি বাড়ির মালিকের পরিবারকে জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর গলিত মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিকের ছেলে জাহাঙ্গীরের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার মোঃ শহিদুল্লাহর মেয়ে। তবে পরবর্তীতে নিহতের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ঘেঁটে দেখা যায়, তার বাড়ি ইসলামপুর উপজেলার রামভদ্রা উলিয়া এলাকায়। তিনি জামালপুরে থেকে পড়াশোনা করতেন।
নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘদিন ঘর বন্ধ থাকা এবং মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত জামালপুর সদর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, “খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।


Leave a Reply