গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গৃহবধূ স্বপ্না খানমকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন তাঁর পরিবারের সদস্য ও এলাকাবাসী। এ সময় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস ভবনের সামনে পাটগাতী স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্বপ্না খানমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দেন। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।


Leave a Reply