নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর শাহজাহান তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি কারখানা এলাকার নাগ মন্দিরের পাশের একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান তালুকদার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কারখানা এলাকার নাগ মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মরদেহটির দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে শাহজাহান তালুকদার হিসেবে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
ওসি জানান, শাহজাহান তালুকদার তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহজাহান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পুলিশের ধারণা, হত্যার পর মরদেহটি গোপন করার উদ্দেশ্যে কারখানার নির্জন এলাকায় ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।


Leave a Reply