খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের শতভাগ উপস্থিতি ছিল।
সমাবেশে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে অনুকম্পা চাকমা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি বাড়ির কাজ যথাযথভাবে সম্পন্ন করাতে অভিভাবকদের নজর দিতে হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রতিটি শিক্ষার্থী যেন বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গণিতের চারটি মৌলিক নিয়ম সম্পর্কেও প্রত্যেক শিক্ষার্থীর পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি শক্ত করতে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এবারের ‘মাদার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী কনক বড়ুয়ার মা পপি বড়ুয়া।
সমাবেশে অভিভাবকদের মধ্যে পপি বড়ুয়া, প্রদীপ মুৎসুদ্দিসহ অনেকে বক্তব্য দেন। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবক-শিক্ষক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম বদিউজ্জামান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করছেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি আগ্রহ এবং বাড়িতে অভিভাবকদের সহযোগিতা থাকলে তাদের শিক্ষার মান আরও উন্নত হবে। এ ক্ষেত্রে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা প্রয়োজন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


Leave a Reply