আজ ৭ অক্টোবর, মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জ-১ আসনের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভায় ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।
প্রশাসন আয়োজিত ওই সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুজ্জামান মীরকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে বিএনপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত সাংবাদিকদের সূত্রে জানা যায়, সভা চলাকালীন সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের উস্কানিমূলক ও আপত্তিকর বক্তব্যের গঠনমূলক প্রতিবাদ জানান জামায়াত নেতা নুরুজ্জামান মীর। যৌক্তিক প্রতিবাদ সহ্য করতে না পেরে সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায় ও লাঞ্ছিত করে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ঘটনাটি ঘটেছে বিএনপি মনোনীত এমপি সাহেবের উপস্থিতিতেই। এমপি সাহেবের সামনেই কর্মীরা লাগামহীন আচরণ করেছে, যা প্রমাণ করে বিএনপির রাজনীতিতে ভিন্নমতের প্রতি কোনো শ্রদ্ধা নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে জামায়াত নেতা নুরুজ্জামান মীরকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এসময় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকরা ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে বিএনপির উচ্ছৃঙ্খল কর্মীরা তাদের উপরও চড়াও হয় এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে, যা সংবাদপত্রের স্বাধীনতার উপর সরাসরি হামলা।
একটি সম্প্রীতির সভায়, যেখানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের কথা বলা হচ্ছে, সেখানেই একজন রাজনৈতিক নেতার উপর হামলা বিএনপির অসাম্প্রদায়িক চেতনা ও সহনশীলতার মুখোশ উন্মোচন করে দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলা শাখার পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে হামলাকারী বিএনপি নেতাকর্মীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


Leave a Reply