বান্দরবানবাসীর চোখের আলো ফিরিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে ৩৮ জন অসহায় ও দরিদ্র রোগীর।
সেনা সূত্রে জানা যায়, বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ারের দিকনির্দেশনায় দুর্গম পাহাড়ি এলাকার গরীব, নিরীহ ও চোখের সমস্যায় ভুগতে থাকা রোগীদের বাছাই করা হয়। পরে সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় তাদের বান্দরবান থেকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হয় এবং অপারেশন শেষে আবারও সসম্মানে বান্দরবানে ফিরিয়ে আনা হয়।
এই মহতী উদ্যোগের নেতৃত্ব দেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ড. সরফরাজ হায়দার। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি, রিজিয়নের জিএস-২ মেজর পারভেজ রহমান, মেজর সায়েমসহ সেনাবাহিনীর অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ।
অপারেশনের পর উপকারভোগী এক রোগী বলেন, “দীর্ঘদিন চোখে দেখতে পেতাম না, টাকার অভাবে অপারেশন করাতে পারিনি। সেনাবাহিনী আমাদের চট্টগ্রামে নিয়ে অপারেশন করিয়ে, ওষুধপত্রসহ সব খরচ বহন করে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমরা সেনাবাহিনীর প্রতি চির কৃতজ্ঞ।”
স্থানীয়রা জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ের সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর আস্থা ও ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় করছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।


Leave a Reply