গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পৌরসভার লোগো সম্বলিত ইউনিফর্ম (পোশাক) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কর্মীদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
রবিবার (২ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার মোট ৩৮ জন পরিচ্ছন্ন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম তুলে দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন।
অনুষ্ঠানে তিনি বলেন, “এই ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়, এটি আপনাদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার প্রতীক। পৌরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। পৌর কর্তৃপক্ষ সবসময় আপনাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ সেবাদানকারী। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমেই পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে। তাই তাদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং কর্মীদের সহজে শনাক্ত করার লক্ষ্যে ইউনিফর্ম বিতরণের পাশাপাশি নির্দিষ্ট কর্মপরিধি ও দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর ফলে পৌরবাসী আরও উন্নত ও মানসম্মত পরিচ্ছন্নতা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply