জামালপুরের দেওয়ানগঞ্জে এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের সাবেক ইমাম ও শিক্ষক মুছা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচন্ডি গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি শিক্ষার্থীদের আরবি পড়াতেন।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী শিক্ষার্থী মুছা মিয়ার কাছে ওই মসজিদে আরবি পড়তে যেত। প্রতিদিন সকালে পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও, ভুক্তভোগী কিশোরীকে পরিচ্ছন্নতার কাজের কথা বলে মসজিদে আটকে রাখতেন মুছা মিয়া। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২০ সালের ২৮ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর, ওই বছরের ৮ ডিসেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন


Leave a Reply