৩০ অক্টোবর ২০২৬।। শুক্রবার
কুমিল্লার বাঙ্গরা উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব জাঙ্গাল আদর্শ ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাকর ফাইনালে প্রতিপক্ষকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বলিগরের ‘ওমর কায়সান ফুটবল একাদশ’।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পূর্ব জাঙ্গাল গ্রামের খেলার মাঠে অনুষ্ঠিত এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি দেখতে হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এবারের ফাইনালে মুখোমুখি হয় সিলেটের ‘মুস্তাকিম ফুটবল একাদশ’ (সিলেট ফুটবল একাডেমি) এবং বলিগরের ‘ওমর কায়সান ফুটবল একাদশ’। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও লড়াইয়ে ভরা ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকে। পরবর্তীতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে সিলেট একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে ওমর কায়সান ফুটবল একাদশ।
পূর্ব জাঙ্গাল আদর্শ ক্লাবের সভাপতি এইচ. এম হাবিবুল্লাহ সোহেলের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আন্দিকুট ইউনিয়ন বিএনপির সভাপতি ফার ফারুক সরকার মুজিব।
খেলার শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ। গ্রাম বাংলা সোসাইটির সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক মো. সারোয়ার জাহানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লাউর ফতেপুর (নবীনগর)-এর অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাহারুল, পূর্ব জাঙ্গাল আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, সমাজসেবক মামুন জমাদ্দার, আন্দিকুট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম ও লিটন সরকার, মেম্বার প্রার্থী জামাল হোসেন, ব্যবসায়ী ইফরান এবং মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের নিয়মিত আয়োজন করা হয়ে থাকে। এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও সফলভাবে পর্দা নামল এই জমজমাট ফুটবল আসরের।


Leave a Reply