পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি আজ শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ বান্দরবান পার্বত্য জেলা সফর করেছেন।
সফর উপলক্ষে তাঁকে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। পরবর্তীতে বান্দরবান জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী সাচিং প্রু, এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা। এ সময় পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী সাচিং প্রু বলেন,
“বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে পাহাড়ি-বাঙালি, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই আমরা একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের ওপর আমি গুরুত্বারোপ করছি। বর্তমান সরকার পার্বত্য এলাকার প্রতিটি ধর্মীয় উৎসবকে সমান গুরুত্ব দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আপনাদের আনন্দ যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য সরকারের সকল দপ্তর আপনাদের পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন,
“শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা, আলোকসজ্জা ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির এই উৎসব উদযাপনের আহ্বান জানাই। প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।”
এ সময় পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশের পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।


Leave a Reply