হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক (নকল) আইডি খুলে স্থানীয় ব্যক্তিদের সম্মানহানি ও কুৎসা রটানোর অভিযোগে এক জরুরি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক অবক্ষয় রোধ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আয়োজিত এ সালিশে অপরাধ স্বীকার করে সবার সামনে লিখিত ও মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে অভিযুক্ত তরুণ ও তার পরিবার।
জানা যায়, ‘এলিয়ান আপু’ নামক একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তেঘরিয়া এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও পরিবারকে লক্ষ্য করে মানহানিকর ও আপত্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় সচেতন মহল প্রযুক্তি ও সাইবার ব্যবস্থার সহায়তায় মাত্র তিন দিনের মাথায় ভুয়া আইডি পরিচালনাকারীকে শনাক্ত করতে সক্ষম হন। আইডিটির নেপথ্যে থাকা মাহমুদুল নামে এক তরুণের পরিচয় প্রকাশ্যে আসে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংক্রান্ত এক জরুরি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম আলম।
সালিশ বৈঠকে পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা শাখা উলামা দলের আহ্বায়ক মাওলানা আমির হোসেন ফারুকী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জহুরুল ইসলাম মিলন, মোহাম্মদ হৃদয় চৌধুরী, মো. তাজুল হক, আবুল ফয়েজ, বর্তমান মেম্বার গিয়াস উদ্দিন মিয়া এবং মো. সামসু মিয়া।
বৈঠকে অভিযুক্ত মো. মাহমুদুল ও তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে নিজেদের ভুল ও অপরাধ স্বীকার করেন। মাহমুদুল নিজে ফেসবুক বার্তার মাধ্যমে নিশ্চিত করেন যে ‘এলিয়ান আপু’ আইডিটি তিনিই চালাতেন। ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না মর্মে তিনি ও তার পরিবার গ্রামবাসীর কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত অঙ্গীকার প্রদান করেন।
সালিশে কঠোর অবস্থান ব্যক্ত করে প্রধান বিচারক আমিরুল ইসলাম আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কারও চরিত্র হনন বা সম্মানহানি কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে যদি কেউ এলাকায় এ ধরনের ভুয়া আইডি খুলে বা সাইবার অপরাধ ঘটিয়ে অপপ্রচার চালায়, তবে তাকে এক লাখ টাকা জরিমানা করা হবে।
উক্ত সালিশ বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত মুরুব্বিরা তাদের বক্তব্যে যুবসমাজকে ইন্টারনেটের অপব্যবহার ও সাইবার অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান। সর্বসম্মতিক্রমে এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে তেঘরিয়া গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


Leave a Reply