১১ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, পর্যটক উদ্ধার এবং মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলীপাড়া জোন (৩৮ বিজিবি)।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযান ও কার্যক্রমের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরে বিজিবি। এসব অভিযানে অপহৃত ব্যক্তিকে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদ জব্দ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চাঁদাবাজি দমনে পদক্ষেপ নেওয়া হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে থানচিতে সশস্ত্র গোষ্ঠীর চাঁদা আদায়ের পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা থাকলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা কমে ১৬ কোটি ৯১ লাখ ৬ হাজার টাকায় দাঁড়িয়েছে। এতে চাঁদা আদায়ের পরিমাণ প্রায় ৩৭.৩৭ শতাংশ কমেছে।
এ ছাড়া দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার, অসুস্থ পর্যটককে চিকিৎসাসেবা প্রদান এবং সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধারে বিজিবি সদস্যরা ভূমিকা রাখেন।
মানবিক কার্যক্রমের আওতায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৫ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ছয়টি মেডিকেল ক্যাম্পে ৬৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ৩৫০ জনকে কম্বল এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৮ পরিবারের ৭৩০ সদস্যকে খাদ্য ও ত্রাণসামগ্রী দেওয়া হয়।
পাশাপাশি স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং অসহায় পরিবারকে ঘর নির্মাণ ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি জোরদারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


Leave a Reply