জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিগপাইত উপশহর সংলগ্ন সফুরা মার্কেটের পেছনে জলাবদ্ধতার কারণে প্রায় ৩০-৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। দীর্ঘ এক মাস ধরে পানিবন্দি থাকায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত উপশহরের পানি সাধারণত এই এলাকা দিয়ে পূর্ব দিকে দিগপাইত স্কুল ও কলেজের পেছনে দিয়ে বংশাই নদীতে নিষ্কাশিত হতো। কিন্তু সম্প্রতি কিছু জমির মালিক প্লট আকারে জমি বিক্রির উদ্দেশ্যে ইট দিয়ে স্থায়ী প্রাচীর (ওয়াল) নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ঢাকা-জামালপুর মহাসড়কের পূর্বপাশে এবং দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের মাঝখানের এই এলাকায় পানি আটকা পড়ে বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা ডুবে যাওয়ার পাশাপাশি বসতঘরের ভেতরেও পানি জমে গেছে।
ভুক্তভোগী পরিবারগুলো জানায়, প্রায় এক মাস ধরে তারা পানিবন্দি অবস্থায় আছেন। চলাচলের রাস্তা ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা। যেকোনো মুহূর্তে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন তারা। দ্রুত এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন পরিষদের সচিব আসাদুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, “বিষয়টি আমি জানি। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply