জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনায় ৭৫ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর- ৫(৮)২৬। মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান,জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের স্মরণে গত শনিবার (১ আগস্ট) টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণ নির্মাণ করে।
তিনি জানান,তোরণ নির্মাণের পর একই দিন গভীর রাতে দুর্বৃত্তরা এতে আগুন দেয়। অগ্নিসংযোগে তোরণের নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে।
ওসি আরও জানান,মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য,জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহতদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।


Leave a Reply