গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন সংসদ সদস্য এস এম জিলানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান,অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি দুঃস্থ ও অসহায় পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া আরও ২৫টি পরিবারকে বাড়িঘর পুনর্নির্মাণের জন্য ৬ হাজার টাকা করে চেক এবং দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য এস এম জিলানী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে হাসপাতাল প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংসদ সদস্য এস এম জিলানী বলেন,“সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে,দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের এ ধরনের সহায়তা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সরেজমিন পরিদর্শন সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।


Leave a Reply