দিগপাইত উপ-শহরে ড্রেনেজ সংকট সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা
মোঃ আনোয়ার হোসাইন বিশেষ প্রতিনিধি জামালপুর।
জামালপুর সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র দিগপাইত উপ-শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। মহাসড়কের দুই পাশে পানি জমে থাকায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের।
সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, দিগপাইত উপ-শহরের মহাসড়কের পশ্চিম পাশে ফেন্সি মার্কেট থেকে শুরু করে সিএনজি স্টেশন পর্যন্ত প্রায় ১০০ মিটার এলাকায় বৃষ্টির পানি ও পয়ঃনিষ্কাশনের পানি জমে আছে। পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় এটি এখন স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, দিগপাইত একটি জনবহুল এলাকা যেখানে প্রতিদিন আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। এখানে গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল ও সিএনজি স্টেশন থাকায় যানবাহনের ব্যাপক চাপ থাকে। জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো রাস্তার পাশে দাঁড়াতে পারছে না, ফলে বাধ্য হয়ে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করাতে হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যা পথচারী ও যাত্রীদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিচ্ছে।
অভিযোগ উঠেছে, সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অনেক হোটেল ও বাসা-বাড়ির বর্জ্যমিশ্রিত পানি সরাসরি প্রধান সড়কে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে মার্কেটের সামনে ময়লা পানি জমে উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিগপাইত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও সামান্য ড্রেনেজ ব্যবস্থার অভাবে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। ক্রেতারা ময়লা পানির ভয়ে দোকানে আসতে চান না।”
এমতাবস্থায়, দিগপাইত উপ-শহরের ব্যবসায়ীবৃন্দ ও সর্বসাধারণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয়েছে।


Leave a Reply