জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড)-এর বাউন্ডারি সীমানার ভেতরে পড়ে জমি হারানোর ভয়ে ও উচ্ছেদ আতঙ্কে থাকা ২৫০টি পরিবার অবিলম্বে টেকসই পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। “উচ্ছেদ নয়, আগে পুনর্বাসন চাই”—এই স্লোগান সামনে রেখে আজ রাজপথে নেমে ক্ষোভ ও প্রতিবাদ জানান ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
২১ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে প্রদর্শিত প্রধান ব্যানারে লেখা ছিল—”বাসস্থান মানুষের মৌলিক অধিকার”। এছাড়া দাবি না মানলে সরকার প্রদত্ত যেকোনো সুবিধা কিংবা সিদ্ধান্ত বয়কটেরও হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচিসংলগ্ন ব্যানার ও বক্তব্যে।
ভুক্তভোগীরা জানান, তারা বহু বছর ধরে এই জমিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন এবং এর বাইরে তাদের আর কোনো নিজস্ব জায়গা-জমি নেই। বর্তমানে ইজেড-এর চারদিকে শিল্পকারখানা গড়ে উঠায় এবং চলাচলের পথ অবরুদ্ধ হয়ে পড়ায় পরিবারগুলো অবর্ণনীয় দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন করছে।
মানববন্ধনে স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। পুনর্বাসন ছাড়া আমাদের থাকার মতো আর কোনো জায়গা নেই। অবিলম্বে স্থায়ী আবাসনের ব্যবস্থা না করা হলে আমাদের জীবন পুরো অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।”
ক্ষোভ প্রকাশ করে আরেক আন্দোলনকারী বলেন, “পুনর্বাসনের বিষয়ে আগে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন দেখিনি। এমনকি উত্তর পাশে পুনর্বাসনের যে কথা ছিল, সেটিও থমকে আছে। আমরা কথার বাস্তবায়ন ও দ্রুত পুনর্বাসন চাই।”
সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দ্রুততম সময়ে তাঁদের আবাসন ও পুনর্বাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে রাজপথ ছাড়বেন না ক্ষতিগ্রস্তরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সামনে আরও বড় ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
এমন উদ্বেগজনক পরিস্থিতিতে পরিবারগুলোর মৌলিক অধিকার রক্ষা এবং দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।


Leave a Reply