এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, ঝরে পড়া রোধ এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করার লক্ষ্যে জামালপুরে ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
শনিবার (২২ আগস্ট) জামালপুরের কাজির আখ এলাকায় অবস্থিত দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। সংস্থাটির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান জাহাঙ্গীর সেলিম।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, শিক্ষা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, “এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া মানে শুধু অর্থ সহায়তা নয়, বরং তার স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। এসব শিক্ষার্থীই আগামী দিনের দেশ ও সমাজের সম্পদ।”
সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে, শিক্ষাই একটি শিশুর জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আর্থিকভাবে অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি জানান, সংস্থাটির কার্যক্রম শুধু বৃত্তি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি ও সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সূত্রে জানা যায়, বর্তমানে সংস্থাটি প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে ২ হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের নিয়মিত পরিচর্যা ও মনিটরিংয়ের মাধ্যমে ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি, গৃহায়ণ, পরিবেশ, কর্মসংস্থান, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে দেশের ৩০ লক্ষাধিক মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়া হয়েছে।


Leave a Reply