জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশুপুত্রকে নানীর কোলে রেখে ওষুধ আনতে গিয়ে মোছ:নুপুর (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
গত বুধবার (২২ জুলাই) বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের ডালবাড়ী এলাকার বিসমিল্লাহ জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী মনোয়ার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি’ডি) করেছেন।
জানা গেছে,নুপুর তাঁর ৭০ বছর বয়সী নানী রাবেয়া খাতুনের সঙ্গে হাসপাতালে ড্রেসিং করাতে যান। এ সময় তাঁর তিন মাসের শিশুপুত্র রোহানকে নানীর কোলে রেখে ওষুধ কেনার কথা বলে বাইরে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর হাসপাতালে ফিরে আসেননি।
পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও নুপুরের সন্ধান পাননি। খবর পেয়ে ঢাকায় কর্মরত তাঁর স্বামীও দ্রুত এলাকায় ফিরে এসে আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেন।
দুগ্ধপোষ্য শিশুকে রেখে গৃহবধূর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।


Leave a Reply