২৯ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সাল।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পর্যটন খাতের নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশেষ গুরুত্ব পায় থানচিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করা, রাতের বেলায় চলাচল নিরাপদ করতে প্রয়োজনীয় স্থানে সিকিউরিটি লাইট স্থাপন এবং সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি কৃষিজমি অবৈধ দখল থেকে রক্ষা এবং সরকারি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া থানচি মডেল মসজিদের কার্যক্রম, টিএনটি পাড়া মসজিদের উন্নয়নকাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে বরাদ্দ করা অর্থের ছাড়পত্রসংক্রান্ত জটিলতা নিরসন এবং উপজেলা পরিষদের অধীন বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মো. আবু হানিফ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান।
এ সময় থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) বাসুদেব, বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা এবং থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম)সহ উপজেলা সাংবাদিক কর্মী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিতকরণ এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


Leave a Reply