বান্দরবানের থানচি উপজেলায় দুর্যোগ ও বিভিন্ন সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘BGD SIDA START FUND—Strengthening the Resilience of Local Communities to Crisis in Bangladesh’ প্রকল্পের আওতায় ‘SFB Alert B075 Project Inception Meeting’ অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই ২০২৬ থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সংকট ও দুর্যোগপ্রবণ এলাকার স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমানো।
থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে প্রতিবছর অতিবৃষ্টি, পাহাড়ধস, আকস্মিক বন্যা ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো নানা দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। ফলে স্থানীয় পর্যায়ে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম যাতে প্রকৃত ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে এবং মাঠপর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়িত হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল বলছেন, থানচির দুর্গম পাহাড়ি জনপদে প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু সভা কিংবা প্রকল্পের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংকটকালীন সময়ে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।


Leave a Reply