মো:মোমিন ইসলাম সরকার
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই করার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’।
ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম),ডিএই পার্ট প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দেবীগঞ্জের উদ্যোগে শনিবার (১১ জুলাই)উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত চলবে এ মেলা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ফরহাদ হোসেন আজাদ,এমপি,মাননীয় প্রতিমন্ত্রী,পানিসম্পদ মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইফুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন রায়, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তুহিন,দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল এবং দেবীগঞ্জ এলজিইডির প্রকৌশলী শাহরিয়ার রহমান শাকিল।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী,সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় জলবায়ু সহনশীল আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষিযন্ত্র, উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল ফসলের জাত, সেচ ও পানি ব্যবস্থাপনা,পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কৃষি সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ ফরহাদ হোসেন আজাদ,এমপি অসহায় ও দুস্থ ৩০টি পরিবারের মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন। একই সঙ্গে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করে তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির কোনো বিকল্প নেই। কৃষকের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ মেলার মূল লক্ষ্য।
আয়োজকরা জানান,এ ধরনের আয়োজনের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেলা।


Leave a Reply