গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী পলাতক
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুকের দাবিকে কেন্দ্র করে শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামের বাসিন্দা শিল্পি বেগমকে বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁর স্বামী। নিহতের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, গত রবিবার রাতেও যৌতুকের দাবিতে শিল্পি বেগমের ওপর অমানবিক নির্যাতন ও বেদম মারধর চালানো হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মারা যান। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তাঁর মরদেহ বাড়ির গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী ইকবাল সিকদার পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত শিল্পি বেগম তিন সন্তানের জননী ছিলেন। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাকে হারিয়ে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন অসহায় হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply