দস্যুদের আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না শরণখোলার মৌয়ালরা
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
সুন্দরবন অঞ্চলে প্রতি বছর ১ এপ্রিল শুরু হয় মধু আহরণের মৌসুম। এ সময় মৌয়ালদের মধ্যে থাকে উৎসবমুখর পরিবেশ—আগেভাগেই পাস সংগ্রহ, নৌকা প্রস্তুত, দল গঠনসহ নানা কর্মযজ্ঞ চলে পুরো মার্চজুড়ে।
কিন্তু এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাগেরহাটের শরণখোলা উপজেলার অনেক মৌয়ালই নিরাপত্তাহীনতার কারণে বনমুখী হচ্ছেন না। একাধিক দস্যু বাহিনীর বেপরোয়া তাণ্ডব, অপহরণ ও মুক্তিপণ দাবির আতঙ্কে তারা সুন্দরবনে যেতে ভয় পাচ্ছেন।
মৌয়ালদের অভিযোগ, পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় দস্যুরা জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করছে এবং মুক্তিপণ আদায় করছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহে যেতে অনাগ্রহী হয়ে পড়েছেন তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে সুন্দরবন থেকে ১,০০০ কুইন্টাল মধু ও ৩০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল ৬৪৭ কুইন্টাল মধু ও ১৯৪.১০ কুইন্টাল মোম। তবে বর্তমান পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয় মধু ব্যবসায়ীরা বলছেন, মৌয়ালরা বনে না গেলে শুধু সরকারই রাজস্ব হারাবে না—বরং হাজারো পরিবার তাদের বছরের প্রধান আয়ের উৎস থেকেও বঞ্চিত হবে। এতে পুরো অঞ্চলে অর্থনৈতিক প্রভাব পড়তে পারে।
তবে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌয়ালরা বনে গেলে তাদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।


Leave a Reply