নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর, ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, প্রবীণ সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, শরিফুল ইসলাম ঝোকন এবং মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে সত্য তুলে ধরেন। অথচ আজ দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রকাশ্য দিবালোকে হত্যার শিকার হতে হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য একটি চরম উদ্বেগের বিষয়।
বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। সাংবাদিকেরা যেন কোনো ভয়ভীতি, হুমকি কিংবা হামলার আশঙ্কা ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় গণমাধ্যমকর্মীরা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ তুলে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর একদল সন্ত্রাসী প্রকাশ্যে গুলি করে নৃশংসভাবে হত্যা করে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। মানববন্ধন থেকে বক্তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে জড়িতদের ফাঁসি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


Leave a Reply