গোপালগঞ্জের কাশিয়ানীতে পাউরুটি কিনতে গিয়ে ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই শিশু আপন বোন। শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় শিশু দুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা অভিযুক্ত জসিম মুন্সীকে আটক করার চেষ্টা করলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply