আমরা সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব: জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
রংপুর।
আজ (২৪ জানুয়ারি) শনিবার
সকাল ৯টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা সমাজের চাবি ও নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিয়ে পিছন থেকে শক্তি ও সমর্থন দিয়ে যেতে চাই। ভোট নিয়ে যেন কেউ হেলাফেলা করতে না পারে এজন্য যুবকদের জুলাই যুদ্ধের মত আরেকবার লড়তে হবে এবং জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। সেই সঙ্গে কথা দিচ্ছি, আমরা সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব।
তিনি আরও বলেন, আমরা এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকটি নাগরিক নিরাপদে বসবাস করবে। আমরা চরম বিপদের দিনে দেশে ছিলাম, এখনও আছি এবং আগামী দিনে পরিস্থিতি যাই হোক আপনাদের সঙ্গে দেশেই থাকবো। আমরা দেশ ছেড়ে অন্য কোনো দেশ কিংবা জায়গায় ঠিকানা খুঁজবো না।
ড. শফিকুর রহমান বলেন, আমাদের ব্যক্তিগত নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি কিংবা কোনো দুর্নীতি করি নাই, মামলা দিয়ে মানুষকে হয়রানি করিনি, আমরা কারো ওপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেইনি বরং আমরা ১টি শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছি। আমরা সেই লক্ষপূরণে জাতিকে বিভক্ত করতে দেবো না। এই বিভক্তির অবসান ঘটনার জন্যই আমরা ১০টি দল একত্রিত হয়েছি। আমরা বাংলাদেশের ৩০০ আসনের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১০ দল মিলে প্রার্থী দিয়েছি।
শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে তিনি বলেন, শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার আদালতে চলমান। আমরা চাই, অতি দ্রুত বিচারের কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। আবু সাঈদের পরিবারকে আমরা মাথার তাজ করে রাখব। সেটা সেটা মুখের কথায় নয় বরং বাস্তবে দেখবেন।
এর আগে শহীদ আবু সাঈদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ভালোমন্দ খোঁজখবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপির সদস্যসচিব, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আখতার হোসেন, রংপুর-৬ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরাসহ উপস্থিত সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply