“দক্ষ যুব গড়ছে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব কল্যাণ তহবিলের অনুদান বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

​জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​দিবসটি উপলক্ষে বেলটিয়া থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সভাস্থলে গিয়ে শেষ হয়। ​পরে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।

​অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সজিব খান।
​আলোচনা সভায় বক্তারা যুবসমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে দেওয়া প্রশিক্ষণ ও ঋণ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
​অনুষ্ঠান শেষে যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমের অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ, যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং বিভিন্ন কোর্সে সফলভাবে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।