কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বোন হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি মো. ইদ্রিস (৪০)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। তিনি আপন ভাইয়ের হাতে বোন হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বলে জানিয়েছে এসআরবি।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা ইদ্রিসকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।