জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় তৈরি বিদেশী মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাতে বকশীগঞ্জ থানার বৈষ্ণব পাড়া ও লাউচাপড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর এসআই (নিঃ) মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি দল রাত ৮টা ২০ মিনিটে বৈষ্ণব পাড়ার সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১,১৪,০০০ মিলিমিটার (২১৭ বোতল), যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— বকশীগঞ্জের বৈষ্ণব পাড়ার মোঃ সুজাত মিয়া (৩৭) ও মোঃ সিফাত (২০), গাজীপুরের জয়দেবপুরের দরগারছালা এলাকার মোঃ রুবেল মিয়া (২৭), বকশীগঞ্জের জানকিপুর মৃধাপাড়ার মোঃ ফুরকান হোসেন (১৯) এবং লাউচাপড়া এলাকার আমান উল্লাহ্ উদয় (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাপথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি)/২৫(ডি) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।