২২ অক্টোবর ২০২৬
হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের
মশাদিয়া গ্রামে একটি পাগলা শিয়ালের অতর্কিত আক্রমণে অন্তত ১২ জন মানুষ এবং বহু গবাদিপশু গুরুতর আহত ও আক্রান্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২১শে অক্টোবর বুধবার বিকাল চারটার দিকে হঠাৎ একটি পাগলা শেয়াল গ্রামে ঢুকে পড়ে এবং একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন মশাদিয়া গ্রাম ও নোয়াটির মো. শামসুল হক, মো. আলমগীরসহ বেশ কয়েকজন নারী ও নিষ্পাপ শিশু। হঠাৎ শিয়ালের এমন উন্মত্ত আচরণে পুরো মশাদিয়া ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুধু মানুষ নয়, শিয়ালের এই পাগলাটে আক্রমণ থেকে রেহাই পায়নি গ্রামের গৃহপালিত পশুও। পাগলা শিয়ালটি প্রায় ৫-৬টি ছাগল এবং ১০টির মতো গরুকে আক্রমণ করে রক্তাক্ত জখম করেছে।
স্থানীয়রা জানান, গ্রামটিতে হঠাৎ করে পাগলা শিয়াল ঢুকে পড়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। ক্ষিপ্ত এই শেয়ালটি যাতে ফের আক্রমণ করতে না পারে, সেজন্য গ্রামজুড়ে সতর্কতা ও আতঙ্ক বিরাজ করছে।
আক্রান্তদের প্রাথমিক চিকিৎসার জন্য দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এলাকাটিতে জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।