রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই শতাধিক রোগী।

দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগলেও আর্থিক অসচ্ছলতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না বলে মন্তব্য করেছেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।

আজ রবিবার ১৮ অক্টোবর বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের তত্ত্বাবধানে এবং রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এসব মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই সেনাবাহিনীর এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বড় ঘোষণা: ক্যাম্পে যেসব রোগীর উন্নত চক্ষু চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো প্রয়োজন, তাদের বাছাই করে চিকিৎসার সমস্ত খরচ বান্দরবান জোন বহন করবে বলে জানান জোন কমান্ডার।

ক্যাম্পে রোয়াংছড়ি উপজেলা ও আশপাশের দুর্গম এলাকা থেকে আসা প্রায় দুই শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা, ছানি শনাক্তকরণ, ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এ উদ্যোগের ফলে দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ পেয়েছেন। পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও আস্থা জোরদারেও ভূমিকা রাখছে।

এসময় রোয়াংছড়ি জোনের দায়িত্বশীল সেনা কর্মকর্তাবৃন্দ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি , রোয়াংছড়ি থানার ওসি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।