১৭ অক্টোবর ২০২৬, শনিবার।
​হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু হয়েছে। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় লাখাই উপজেলা কৃষি বিভাগের সার্বিক উদ্যোগে এই কার্যক্রমের সূচনা করা হয়।
​লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ চাষ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেনসহ স্থানীয় কৃষিবৃন্দ।
​উপজেলা কৃষি বিভাগ জানায়, প্রচলিত ফসলের বাইরে গিয়ে উচ্চমূল্যের এবং পুষ্টিকর বিকল্প ফসল ফলনে কৃষকদের উৎসাহিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সঠিক পরিচর্যা, নিয়মিত সেচ ও রোগবালাই ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে বাজারে ভালো চাহিদা থাকায় এ অঞ্চলের কৃষকেরা সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
​কৃষিবিদদের মতে, নতুন এই ফসলটি লাখাইয়ের মাটিতে সফল হলে তা ভবিষ্যতে স্থানীয় কৃষিতে ব্যাপক বৈচিত্র্য আনবে এবং অন্যান্য চাষিদের মাঝেও নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।