আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো: আব্দুল খালেক (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আব্দুল খালেক নিজ বাড়ি থেকে নিজস্ব মোটরসাইকেলযোগে অলিপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার অন্তর্গত অলিপুর তাফরিদ কটন মিলের সামনে পৌঁছালে একটি মালবাহী খোলা ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-৯৬১২) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেলসহ রাস্তার বাইরে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পরই মহাসড়কে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ এসআই সৈয়দ ইমরুল সাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাকটি বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।
ঘটনার বিষয়ে নিহতের ছোট ভাই মোহাম্মদ আল হেলাল (৫২) বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।