হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি পাগলা শিয়ালের অতর্কিত হামলায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নখলাউক চকবাজারে এ ঘটনা ঘটে। হঠাৎ করে শিয়ালের এই আকস্মিক আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি পাগল শিয়াল স্থানীয় জমি থেকে উঠে এসে নখলাউক বাজারের লোকজনের ওপর হামলা চালায়। সে সময় বাজারে ও বাড়ির উঠানে বসা যাঁকেই সামনে পেয়েছে, তাঁকেই কামড়ে রক্তাক্ত করেছে শিয়ালটি। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে গিয়ে অনেকে আহত হয়েছেন।
​লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন আহত ব্যক্তি হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছেন।
​বিষয়টি নিশ্চিত করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোভন জানান, হাসপাতালে আসা ২৭ জনের মধ্যে দুইজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে প্রয়োজনীয় পরামর্শসহ বাড়িতে পাঠানো হয়েছে।
​আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে—মোহাম্মদ আবুল ফজল (৭৫), মোহাম্মদ বাবু মিয়া (১৫), মোহাম্মদ মান্না মিয়া (২২), মোহাম্মদ সাবাল মিয়া (৪০), মোহাম্মদ ইমন মিয়া (১৮), মোহাম্মদ কালাম মিয়া (৬০), মোসাম্মত নারগিস আক্তার (৪০), মোহাম্মদ আলম মিয়া (৫৫) এবং মোহাম্মদ সোহান মিয়া (২০)।
​এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। এলাকায় ক্ষিপ্ত শিয়ালটিকে প্রতিহত করতে স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন।