জামালপুরের ইসলামপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, প্রথম ধাপে উপজেলার গাইবান্ধা, পাথর্শী ও সাপধরী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে ১২জন তথ্য সংগ্রহকারী ও ৩ জন সুপারভাইজার ট্যাবের মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের জন্য মোট ১৩৯ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হবে।
প্রেস কনফারেন্সে ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আয় এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোর সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, পুরো তথ্য সংগ্রহ কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়মের সুযোগ কমিয়ে আনা সম্ভব হবে। এ জন্য তথ্য সংগ্রহকারীদের প্রতিটি বাড়িতে গিয়ে সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।