বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
১১ অক্টোবর বাইশারী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, বাইশারী ইউনিয়নের সহকারী প্লাটুন কমান্ডার (আনসার) মো. আবুল বশর মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে অবহিত করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাইশারী বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ১২৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, মাদক পাচার প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দেওয়া তথ্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।