হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে বলভদ্র নদীর তীব্র ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে মোড়াকরি-কৃষ্ণপুর-সন্তোষপুর সংযোগ সড়কটি। নদীগর্ভে একসময় পাকা থাকা এই সড়কের বিভিন্ন অংশ ধসে গিয়ে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের নিত্যদিনের যাতায়াত এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বলভদ্র নদীর কূলঘেঁষে যাওয়া এই সড়কটির বহু স্থানে বড় বড় ধস নেমেছে। নদীর তোড়ে অনেক অংশের মাটি নদীতে বিলীন হয়ে এখন সড়কের অস্তিত্ব চিহ্নিত করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কৃষ্ণপুর বধ্যভূমিতে পৌঁছানোর মূল পথ এবং স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারও মানুষকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন পুরো এলাকাবাসী।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি নদীভাঙনের কবলে পড়লেও টেকসই সংস্কার বা প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগেই নদীর তীরে গাইডওয়াল নির্মাণসহ রাস্তাটি দ্রুত টেকসই সংস্কারের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।