দিনাজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট আটটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করে। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্নআউটের ওপর ভিত্তি করে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেস রুলসের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মাস্টার প্যারেডে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।