কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও ২ বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া মন্দিরের জোড়া সংলগ্ন মঞ্জুর মেম্বারের প্রজেক্টের কেওড়া বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কেওড়া বাগানে মাদকের একটি বড় চালান মজুত থাকার তথ্য পায় যৌথ বাহিনী। পরে তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা অন্ধকারের সুযোগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।